কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর রিপনকে জরিমানা, তদন্তে পুলিশ
নেত্রকোনার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আয়োজিত এক সালিসে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণবিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে ওই সালিস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এদিকে ঘটনার পর থেকে রিপন মিয়া আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রিপন মিয়া নন্দুরা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ বছর বয়সী ওই কিশোরী দীর্ঘদিন ধরে রিপনের কনটেন্ট তৈরির কাজে সহযোগিতা করতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ ওঠে। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁদের অন্তরঙ্গ অবস্থায় দেখেছেন বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিসের আয়োজন করা হয়।
সালিসে অভিযোগের বিষয়ে আলোচনা শেষে কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানান উপস্থিত ব্যক্তিরা। এক সপ্তাহের মধ্যে ওই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। পাশাপাশি অর্থ পরিশোধ না করলে তাঁর বাড়ি কিশোরীর নামে লিখে দেওয়ার কথাও সালিসে বলা হয়েছে বলে জানা গেছে।
সালিসে উপস্থিত স্থানীয় মাতব্বর মুখলেছুর রহমান দৌলত বলেন, রিপনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সালিস বসেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, রিপন অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন এবং পরে কিশোরীর ভবিষ্যৎ বিবেচনায় অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সালিসে উপস্থিত ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, এ ধরনের ঘটনায় শুধু সালিসের মাধ্যমে মীমাংসার সুযোগ নেই; আইন অনুযায়ী বিষয়টি দেখা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.