লন্ডনের মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার
সংগীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ২০২৩ সালে ঢাকায় এসেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। সেই সময় ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ কনসার্টে তাঁর সঙ্গে একই মঞ্চে গান করেছিলেন বাংলাদেশের গীতিকার ও গায়ক জয় শাহরিয়ার। পরের বছরও ঢাকায় একসঙ্গে পারফর্ম করেন তাঁরা। এবার লন্ডনের মঞ্চে আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই শিল্পীকে।
আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ারের বিশেষ কনসার্ট। এরই মধ্যে অনুষ্ঠানের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ ইউরো। কনসার্টটির আয়োজন করছে আইওএন টিভি এবং শিল্পী ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের আজব কারখানা।
লন্ডনের এই আয়োজন নিয়ে জয় শাহরিয়ার বলেন, নচিকেতার সঙ্গে এর আগে দেশ-বিদেশে একাধিকবার মঞ্চ ভাগ করার সুযোগ হয়েছে। তবে লন্ডনে এবারই প্রথম একসঙ্গে গান করবেন তাঁরা। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন শহরে তাঁদের যৌথ সংগীত আয়োজন পৌঁছে যাবে এবং লন্ডনের শ্রোতারাও একটি স্মরণীয় গানের সন্ধ্যা উপভোগ করবেন।
নচিকেতা চক্রবর্তীও জয় শাহরিয়ারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, জয় তাঁর স্নেহভাজন। অডিও অ্যালবাম থেকে শুরু করে মঞ্চ—বিভিন্ন মাধ্যমে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। লন্ডনের আয়োজনেও তাঁদের গান শ্রোতাদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নচিকেতা ও জয় শাহরিয়ারের সংগীত সম্পর্ক বেশ পুরোনো। জয়ের সুরে একাধিক গান গেয়েছেন নচিকেতা। ২০২৪ সালে প্রকাশিত হয় তাঁদের যৌথ অ্যালবাম ‘তথাগত’, যার সবগুলো গানের সুর করেছেন জয় শাহরিয়ার।
আইটি ল্যাব সলিউশন্স লি.