শেখ হাসিনার দেশে আসার পরিকল্পনাটা হাস্যকর শোনাচ্ছে : ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে শেখ হাসিনার নিজ উদ্যোগে দেশে ফেরার পরিকল্পনার কথা ‘হাস্যকর’ বলে মনে হয়।
মঙ্গলবার সরকারের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার সাম্প্রতিক দেশে ফেরার ঘোষণার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে ডা. জাহেদ বলেন, সরকার বরাবরই তাঁকে দেশে ফিরিয়ে আনতে চেয়েছে এবং এ লক্ষ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদনও করা হয়েছে।
তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে একজন আসামি হিসেবে তাঁর সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে এবং আদালতের যে রায় হবে, সরকার তা বাস্তবায়ন করবে।
গণমাধ্যমের উদ্দেশে ডা. জাহেদ বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে কেউ যদি আগাম শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের ঘোষণা দেয় কিংবা তা প্রকাশ করে, তাহলে সেটি আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা মেনে চলা সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের ভূমিকা হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।
ভূরাজনৈতিক চাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কোনো ধরনের আন্তর্জাতিক চাপের মধ্যে নেই। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, ইরানসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতেই সরকার এগোচ্ছে।
শেখ হাসিনার দেশত্যাগে সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ছিল ব্যতিক্রমধর্মী। ওই ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত ছিলেন, তা নিয়ে বর্তমানে সরকারের কোনো তদন্ত উদ্যোগ নেই।
এদিকে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিনের তথ্য সরকার দেরিতে জানল কেন—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.