দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১০:৫৭ (মঙ্গলবার)
দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন আমিন খান

ছয় বছরের বেশি সময় পর নতুন সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল এই সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত মহরত অনুষ্ঠানে সিনেমাটির অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়।

সিনেমাটিতে আমিন খানের পাশাপাশি অভিনয় করবেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার, রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

চলচ্চিত্রে আমিন খানের পথচলা শুরু হয় ১৯৯৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে। তিন দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। ২০১০ সালের পর থেকে চলচ্চিত্রে তাঁর উপস্থিতি কমে যায়। ২০১৮ সালের পর তিনি অনিয়মিত হয়ে পড়েন। গত বছর ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেলেও সেটির শুটিং হয়েছিল ২০১৮-১৯ সালে। এবার ‘গুলশানের চামেলি’ দিয়ে নতুনভাবে চলচ্চিত্রে যুক্ত হলেন তিনি।

সিনেমায় ফেরার অনুভূতি জানিয়ে আমিন খান বলেন, দীর্ঘদিন পর কাজ করতে পেরে তিনি আনন্দিত। মাঝে কিছুটা বিরতি থাকলেও নির্মাতা মোহাম্মদ ইকবালের প্রস্তাবে গল্পটি পছন্দ হওয়ায় তিনি সিনেমাটিতে যুক্ত হয়েছেন। পাশাপাশি গুণী শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ পাওয়ায় একটি ভালো সিনেমা উপহার দেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।

‘গুলশানের চামেলি’তে উঠে আসবে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিকের গল্প। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছে এক যৌনকর্মীর জীবন, যে কোনো অপরাধ না করেও ক্ষমতার দ্বন্দ্বের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের।

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পাঁচ বছর আগে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি। নির্মাতা জানিয়েছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে এবং আগামী বছরের কোনো এক ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.