কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানি শুরু, কর কমানোর উদ্যোগ সরকারের

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১০:৫০ (মঙ্গলবার)
কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানি শুরু, কর কমানোর উদ্যোগ সরকারের

কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি বলেন, কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং ইতোমধ্যে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তাঁর আশা, আগামীকাল থেকে আমদানি শুরু হলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় তাঁরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাজারের প্রকৃত চিত্র তুলে ধরলে জনসচেতনতা বাড়বে এবং কৃত্রিম সংকট বা মূল্য কারসাজির সুযোগ কমে যাবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। পরে তাঁরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।

সরকারের এই উদ্যোগের ফলে বাজারে কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং মূল্য স্থিতিশীল থাকায় সাধারণ ভোক্তারা স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.