মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৬:২৮ (সোমবার)
মন্ত্রণালয়ের নতুন ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্তরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদানের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনে নামা সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেছেন। রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেন।

দুপুর সোয়া ২টার দিকে আন্দোলনকারীরা শাহবাগের সড়ক থেকে সরে যান। এর আগে সকাল ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে তারা সড়ক অবরোধ করে দ্রুত যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী প্রার্থীদের এক প্রতিনিধি জানান, মন্ত্রণালয় ১ অক্টোবর যোগদানের তারিখ নির্ধারণ করলেও পদায়নের জন্য প্রথমে ২ অক্টোবরের কথা বলা হয়েছিল, যা সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাস্তবসম্মত নয়। পরে পদায়নের তারিখ পরিবর্তনের ঘোষণা আসায় তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

এর আগে দুপুর ২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন এবং ৪ অক্টোবর তাদের পদায়ন করা হবে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ জানান, উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং যোগদানের পর পর্যায়ক্রমে পদায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার একই প্রার্থীদের ২৯ অক্টোবর যোগদান করানোর সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে নতুন বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে প্রায় এক মাস আগেই যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও তারিখ পরিবর্তনের কারণ সম্পর্কে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

২০২৫ সালের শেষ দিকে দেশের ৬১ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পরে গত ১০ মে তাদের পূর্ববর্তী কার্যক্রম পুলিশি তদন্তের মাধ্যমে যাচাইয়ের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.