বিশ্বকাপ ফাইনালের গোলদাতাকে বিক্রিতে ৭৮১ কোটি টাকা চায় বার্সা
বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করে আলোচনায় আসা ফেরান তোরেসকে ঘিরে নতুন করে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর দাবি, ফরাসি ক্লাব পিএসজি এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহী। তবে বার্সেলোনা স্পষ্ট করে দিয়েছে, ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭৮১ কোটি টাকা) পেলেই কেবল তোরেসকে ছাড়ার কথা বিবেচনা করবে।
প্রতিবেদন অনুযায়ী, বার্সা এখনো তোরেসকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে। তবে কোনো খেলোয়াড়কে যেকোনো মূল্যে ধরে রাখার নীতিতে নেই কাতালান ক্লাবটি। উপযুক্ত প্রস্তাব এলে তারা আলোচনায় বসতে প্রস্তুত।
জানা গেছে, আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার জন্য বার্সা তাদের নির্ধারিত বেতন কাঠামোর মধ্যে থেকেই তোরেসকে নতুন চুক্তির প্রস্তাব দেবে। কিন্তু অন্য কোনো ক্লাব বেশি বেতনের অফার দিলে সেটির সঙ্গে পাল্লা দিয়ে বেতন বাড়ানোর পরিকল্পনা নেই তাদের।
ক্লাব সূত্রের তথ্য অনুযায়ী, নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে তোরেসকেই। তিনি বার্সায় থাকতে চাইলে ক্লাব তাকে স্বাগত জানাবে। আর যদি নতুন চ্যালেঞ্জের সন্ধানে দল ছাড়তে চান, তাহলে বাজারমূল্য নিশ্চিত করেই তাকে বিদায় দেবে বার্সা।
এখন পর্যন্ত পিএসজি বার্সার সঙ্গে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফরাসি ক্লাবটির আগ্রহের বিষয়টি গণমাধ্যম থেকেই জেনেছে বার্সা। আগামী সপ্তাহের মধ্যে তোরেস নিজের অবস্থান পরিষ্কার করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরো খরচ করে তোরেসকে দলে এনেছিল বার্সেলোনা। তাই আর্থিকভাবে অন্তত সেই বিনিয়োগের সমপরিমাণ অর্থ ফেরত পেতেই তাকে বিক্রির মূল্য নির্ধারণ করেছে ক্লাবটি।
তবে তোরেস দল ছাড়লে আক্রমণভাগে নতুন সংকটে পড়তে পারে বার্সা। কারণ, তার বিদায়ের পর তরুণ হামজা আবদেলকরিম ছাড়া দলে স্বীকৃত সেন্টার ফরোয়ার্ড প্রায় থাকবেন না। ফলে প্রধান কোচ হান্সি ফ্লিকের নতুন স্ট্রাইকার চাওয়ার দাবি আরও জোরালো হতে পারে এবং দলবদলের বাজারে নতুন ফরোয়ার্ড খুঁজতে হবে কাতালানদের।
আইটি ল্যাব সলিউশন্স লি.