‘৩৬ জুলাই’ উপলক্ষে আয়োজন ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট
গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন। কনসার্টের আয়োজন করছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স, সহযোগিতায় রয়েছে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্ম।
সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। এছাড়া জুলাই অভ্যুত্থানের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসা শিল্পী সেজান, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও বেশ কয়েকজন শিল্পী ও ব্যান্ড মঞ্চে পারফর্ম করবেন। বিকেল ৪টা থেকে শুরু হবে অনুষ্ঠান।
আয়োজকদের ভাষ্য, ‘৩৬ জুলাই’ উদ্যাপনকে ঘিরে বিপ্লব, সাহস ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। সংগীতের মাধ্যমে গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শিল্পী আসিফ আকবর তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ—চলুন ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে, বর্ষা বিপ্লবের গানে একসঙ্গে উদ্যাপন করি ৩৬ জুলাই।”
ভিডিও বার্তায় ব্যান্ড শিরোনামহীন জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের স্মরণে তারা এই কনসার্টে অংশ নিচ্ছে এবং দর্শকদেরও উপস্থিত থেকে সম্মিলিতভাবে সাহস ও ভালোবাসার গান গাওয়ার আহ্বান জানায়।
অন্যদিকে কুঁড়েঘর ব্যান্ডের শিল্পী তাশরিফ খান বলেন, ৫ আগস্টের এই আয়োজনে সবাইকে উপস্থিত থেকে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন তারা।
উল্লেখ্য, গত বছরও একই উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, শূন্য, সোলস, ওয়ারফেজসহ দেশের বিভিন্ন শিল্পী ও ব্যান্ড অংশ নিয়েছিল।
আইটি ল্যাব সলিউশন্স লি.