শ্রীমঙ্গলের হাওরে মিলল বিশাল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। রোববার সকালে ধান রোপণের প্রস্তুতির সময় স্থানীয় কৃষকেরা হাওরের একটি জমিতে সাপটির সন্ধান পান।
স্থানীয়দের ভাষ্য, শুরুতে সাপটি উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হলেও দ্রুত কোনো সহায়তা পাওয়া যায়নি। এতে একপর্যায়ে সাপটিকে মেরে ফেলার আলোচনা শুরু হয়। তবে স্থানীয় বাসিন্দা মুহিবুর রহমান সবাইকে সাপটি না মারার অনুরোধ জানান এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, অজগরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিক থাকলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটিকে উপযুক্ত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.