পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১২:৫৯ (সোমবার)
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; জনগণের সেবক হিসেবেই তাদের দায়িত্ব পালন করতে হবে।

রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল অপরাধ ও সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে, যাতে কেউ সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর মানুষের যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিন সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ টানা ছয় মাস ধরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’—উভয় বিভাগে সেরা নির্বাচিত হন। এছাড়া ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ অর্জন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.