বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, টিকিটের তুমুল চাহিদা
বিশ্বব্যাপী মুক্তির আগেই বাংলাদেশের দর্শকরা বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ইউরোপ ও আমেরিকায় আজ সিনেমাটি মুক্তি পেলেও বাংলাদেশে গতকাল থেকেই স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং যমুনা ব্লকবাস্টারে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ঘিরে দেখা গেছে ব্যাপক দর্শক আগ্রহ। স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রায় ৬০টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিটি শো ছিল দর্শকে পরিপূর্ণ। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের বেশির ভাগ টিকিটও আগেই বিক্রি হয়ে গেছে। একই ধরনের ভিড় দেখা গেছে দেশের অন্যান্য সিনেপ্লেক্সেও।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’–এর পর দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন গল্প নিয়ে ফিরেছে জনপ্রিয় এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি।
নতুন সিনেমায় দেখা যাবে, ডক্টর স্ট্রেঞ্জের জাদুর পর পুরো পৃথিবী যখন পিটার পার্কারকে ভুলে গেছে, তখন সম্পূর্ণ একা হয়ে পড়ে সে। ব্যক্তিগত জীবন হারিয়ে স্পাইডার-ম্যান হিসেবে নিউইয়র্ক শহরকে রক্ষার দায়িত্বই হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য। কিন্তু এই দায়িত্বের চাপ ধীরে ধীরে তার মানসিক ও শারীরিক অবস্থায় বড় পরিবর্তন আনতে শুরু করে। এর মধ্যেই নতুন এক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় আগের যেকোনো সময়ের চেয়ে ভয়ংকর প্রতিপক্ষের।
এবারও স্পাইডার-ম্যানের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে ফিরেছেন জেন্ডায়া ও জ্যাকব ব্যাটালন। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মার্ক রাফালো এবং জন বার্নথাল। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ব্যাপক সাড়া প্রমাণ করছে, বাংলাদেশেও স্পাইডার-ম্যানের জনপ্রিয়তা এখনো আগের মতোই অটুট।
আইটি ল্যাব সলিউশন্স লি.