রেকর্ড রাজস্বে শীর্ষে রিয়াল মাদ্রিদ, আয় ১৭ হাজার কোটি টাকা
২০২৫-২৬ মৌসুমে মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। কোনো বড় শিরোপা জিততে না পারলেও আর্থিক দিক থেকে নতুন ইতিহাস গড়েছে স্প্যানিশ ক্লাবটি। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির পরিচালন রাজস্ব দাঁড়িয়েছে রেকর্ড ১.২২১ বিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ২১৪ কোটি ৫২ লাখ টাকা।
মঙ্গলবার প্রকাশিত এক আর্থিক বিবৃতিতে রিয়াল জানায়, খেলোয়াড় বিক্রির আয় বাদ দিয়েই এই রাজস্ব অর্জিত হয়েছে। আগের অর্থবছরের তুলনায় তাদের আয় বেড়েছে ৩.১ শতাংশ। একই সঙ্গে বিশ্বের প্রথম ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে ১.২ বিলিয়ন ইউরোর পরিচালন রাজস্বের মাইলফলক স্পর্শ করেছে ক্লাবটি।
বিবৃতিতে আরও বলা হয়, এই অর্জন ক্রীড়া শিল্পে সর্বোচ্চ রাজস্ব আয়ের ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। আগের মৌসুমের তুলনায় এ মুনাফা বেড়েছে প্রায় ৮ শতাংশ।
অর্থনৈতিক সাফল্যের বিপরীতে মাঠে ছিল হতাশাজনক এক মৌসুম। ২০২৫-২৬ সালে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ কোনো বড় শিরোপাই জিততে পারেনি রিয়াল। এর আগে ২০২৩-২৪ মৌসুমে ট্রেবল জয়ের পর টানা দুই মৌসুম শিরোপাহীন থাকতে হয়েছে দলটিকে। পাশাপাশি ২০২৪-২৫ ও ২০২৫-২৬—দুই মৌসুমেই স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয়েছে তারা।
দলের ব্যর্থতার পর পরিবর্তনের পথে হাঁটে ক্লাব কর্তৃপক্ষ। জুনে আলভারো আরবেলোয়ার জায়গায় জোসে মরিনিওকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি স্কোয়াড শক্তিশালী করতে বের্নার্দো সিলভা ও মার্ক কুকুরেয়ার মতো তারকাদের দলে ভেড়ানো হয়েছে। কুকুরেয়া সম্প্রতি ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ—দুই আসরেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.