১৩ মাস পর আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৪:৪৮ (মঙ্গলবার)
১৩ মাস পর আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত থেকে জাপানের এই রুটে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দায়িত্বশীল সূত্র জানায়, প্রথম ফ্লাইটটি রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে রোববার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটটির উদ্বোধন করবেন।

বিমান সূত্র জানায়, অপারেশনাল ও বাণিজ্যিক বিভিন্ন কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় এক বছর পর আবারও রুটটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে যাত্রীসংখ্যা ও বাণিজ্যিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে পরবর্তীতে সেবাটি আবার স্থগিত করা হয়।

বর্তমানে ঢাকা-নারিতা রুটই বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ। সংশ্লিষ্টদের মতে, এই রুট পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা এবং ব্যবসায়িক যোগাযোগ আরও গতিশীল হবে। একই সঙ্গে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অন্যান্য যাত্রী সরাসরি বিমান ভ্রমণের সুবিধা পাবেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.