সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৪:৪৩ (মঙ্গলবার)
সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির পদ বর্তমানে শূন্য থাকায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান অনুসারে নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে বিএনপি দলীয় সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থী মনোনয়ন দেবে।

সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং জনগণের ভোটে আস্থা অর্জনের মাধ্যমে দলটি সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। অতীতেও বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, যারা বিএনপিকে ‘ফ্যাসিবাদী’ দল হিসেবে আখ্যায়িত করছেন, তারা প্রকৃতপক্ষে দলটির রাজনৈতিক আদর্শ ও ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা রাখেন না।

তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমিরের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে আগে তাদেরই মূল্যায়ন করা উচিত যে দলটি কতটা গণতান্ত্রিক।

এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, সংবিধানসম্মত প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে এবং প্রয়োজনীয় সময়েই এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.