গ্যাস-সংকটে অব্যবস্থাপনা ও সিন্ডিকেটকে দায়ী করল জামায়াতে ইসলামী

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৩:২২ (বুধবার)
গ্যাস-সংকটে অব্যবস্থাপনা ও সিন্ডিকেটকে দায়ী করল জামায়াতে ইসলামী

দেশে চলমান গ্যাস-সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

রোববার দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এর ফলে বাসাবাড়িতে রান্নাবান্না, সিএনজিচালিত যানবাহনের চলাচল এবং শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জুবায়ের বলেন, কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে বিপুল কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি জনভোগান্তি বাড়ছে।

তিনি দাবি করেন, অবৈধ গ্যাস-সংযোগ, সরকারের দুর্বল ব্যবস্থাপনা, অনিয়ম এবং সিন্ডিকেটের প্রভাব বর্তমান সংকটকে আরও তীব্র করেছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো অপচেষ্টা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখার আহ্বান জানান তিনি।

সংকট নিরসনে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, নতুন কূপ খনন, বিদ্যমান গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরিমাণ এলএনজি আমদানি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জামায়াতের এই নেতা।

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, জনগণের মৌলিক চাহিদা পূরণের পরিবর্তে অসাধু চক্রকে সুবিধা দেওয়ার কারণে গ্যাস-সংকট আরও প্রকট হয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.