স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ নিশ্চিতের নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১২:০৮ (সোমবার)
স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ নিশ্চিতের নির্দেশ তারেক রহমানের

স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন এবং নির্বাচনে ‘একক প্রার্থী’ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এবং রংপুর জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে একই বিভাগের আরও কয়েকটি জেলার নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

বৈঠকে তারেক রহমান দলীয় নেতাদের উদ্দেশে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অভ্যন্তরীণ বিভেদ দূর করে সর্বসম্মতিক্রমে একজন প্রার্থী নির্ধারণ করতে হবে। দলীয় প্রতীক না থাকলেও বিএনপির সমর্থিত প্রার্থী যেন একজনই হন এবং সবাই তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করেন—এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক সূত্রে জানা গেছে, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে প্রার্থী নির্বাচনের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, মতবিরোধ নিরসন এবং দলের ঐক্য অটুট রাখার ওপরও জোর দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক জানান, একক প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রথমে স্থানীয় নেতাদের ওপর দেওয়া হয়েছে। প্রয়োজনে বিভাগীয় কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে সহায়তা করবে।

বৈঠকে আরও নির্দেশনা দেওয়া হয়, ঝুলে থাকা সাংগঠনিক কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। তবে কমিটি গঠনের ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তি বা অন্য দলের অনুপ্রবেশকারীদের জায়গা না দিয়ে তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র থেকে কোনো প্রার্থী চাপিয়ে দেওয়া হবে না। তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে এবং স্থানীয়ভাবে ঐকমত্যে পৌঁছানো প্রার্থীই দলীয় সমর্থন পাবেন।

বিএনপি চেয়ারম্যানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি জানতেই ধারাবাহিকভাবে এসব মতবিনিময় সভা করছেন তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলার নেতাদের সঙ্গেও একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।

 

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.