বাপ্পা মজুমদারের গান গাইবেন নতুন প্রজন্মের শিল্পীরা

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ২০:৪৫ (শুক্রবার)
বাপ্পা মজুমদারের গান গাইবেন নতুন প্রজন্মের শিল্পীরা

বাংলা গানের জনপ্রিয় শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারকে সম্মান জানিয়ে রাজধানীর বনানীর যাত্রাবিরতিতে আগামী ২৪ জুলাই আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা ‘সেলিব্রেটিং বাপ্পা মজুমদার’।

অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের উপস্থিতিতেই তাঁর জনপ্রিয় গান পরিবেশন করবেন জয় শাহরিয়ার, খৈয়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, ফারহিন খান জয়িতা, খান মাইদুল ইসলাম শুভ, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা ও সায়েমুল ইসলাম রিয়াদ।

আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা এক যৌথ বিবৃতিতে বলেন, বাপ্পা মজুমদার বাংলা সংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পী। ‘পরী’, ‘ধুলো পড়া চিঠি’, ‘রাতের ট্রেন’, ‘কখনো ইচ্ছে হয়’ ও ‘দিন বাড়ি যায়’-এর মতো অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে তিনি কয়েক দশক ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রিয় এই শিল্পীকে সামনে রেখে তাঁর গান পরিবেশন করতে পারা তাঁদের জন্য বিশেষ সম্মানের।

নিজেকে ঘিরে এমন আয়োজন নিয়ে বাপ্পা মজুমদার বলেন, নতুন প্রজন্মের শিল্পীরা তাঁর গান গাইবেন—এটি তাঁর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। জয়, সন্ধি, এলিটাসহ অংশ নেওয়া সবাই অসাধারণ শিল্পী উল্লেখ করে তিনি জানান, নিজের গান অন্যদের কণ্ঠে, নিজের উপস্থিতিতে শোনার অভিজ্ঞতা এবারই প্রথম। তাই অনুষ্ঠানটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

আগামীকাল সন্ধ্যা ৭টায় শুরু হবে সংগীতসন্ধ্যা। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা এবং ইতোমধ্যে অনলাইনে টিকিট নিবন্ধন শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.