রাষ্ট্রপতির পদত্যাগ: সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ২০:৩৯ (শুক্রবার)
রাষ্ট্রপতির পদত্যাগ: সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন স্পিকার। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত ফিরে আসার অনুরোধ পাওয়ায় সফর সংক্ষিপ্ত করেছেন তিনি।

সংসদ সচিবালয়ের একাধিক সূত্রের ভাষ্য, রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটেই স্পিকারের আগাম প্রত্যাবর্তনের সিদ্ধান্ত এসেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্টরা মনে করছেন পরিস্থিতি শিগগিরই পরিষ্কার হবে।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সে অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তবে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুসারে, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক।

বাংলাদেশে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.