বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আন্দোলন করেছিলাম—হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ১৯:৫২ (শুক্রবার)
বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আন্দোলন করেছিলাম—হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলন হয়েছিল এবং সেই লক্ষ্য বাস্তবায়নে এনসিপি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে থাকবে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যেই জুলাই আন্দোলন হয়েছে। পরে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। জনগণকে কথা দিচ্ছি, আপনাদের ন্যায্য অধিকার আদায়ে এনসিপি সব সময় মাঠে থাকবে।”

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়েই দল প্রার্থী মনোনয়ন দেবে। তাঁর ভাষায়, “আমরা এমন প্রার্থী চাই, যার কাছ থেকে সেবা পেতে মানুষের রাজনৈতিক পরিচয় বা অর্থের প্রয়োজন হবে না। যারা দেশ ও মানুষের জন্য কাজ করতে চান, এনসিপি তাদেরই মনোনয়ন দেবে।”

তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল। এতে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় নারীশক্তির সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।

পথসভায় মাহমুদা মিতু বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নারীদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নারীরা যখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং নেতৃত্বে এগিয়ে আসবে, তখন পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।”

তিনি আরও বলেন, এনসিপি থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন। নতুন প্রজন্মের রাজনীতিকে এগিয়ে নিতে তরুণদের সমর্থনের আহ্বানও জানান তিনি।

এদিকে, দলের যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দেশের মানুষ সংস্কার ও পরিবর্তন চায়। তাঁর অভিযোগ, গণভোট ও সংস্কারের দাবিকে সরকার পেছন থেকে বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে গণভোটকে অসাংবিধানিক বলার সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের অবস্থান রাজনৈতিকভাবে অসংগতিপূর্ণ।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.