শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১১:৪১ (বুধবার)
শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করলেও সেই শোককে শক্তিতে রূপান্তর করে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত প্রেরণা।

মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “আজ এমন একটি দিন, যেদিন পুরো দেশ গভীর শোক ও বেদনায় নিমজ্জিত। কিন্তু এই শোককে শক্তিতে পরিণত করে যেভাবে ভুক্তভোগী পরিবারগুলো জীবনযুদ্ধে এগিয়ে চলেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে।”

তিনি ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ স্মরণ করেন। একই সঙ্গে ভয়াবহ সেই ঘটনার পরও যারা সাহস ও দৃঢ়তা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন, তাদের সংগ্রামকে নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

জুবাইদা রহমান বলেন, “ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সংকটে মানুষের পাশে দাঁড়ানো এবং ভয়কে জয় করার যে উদাহরণ আপনারা সৃষ্টি করেছেন, দেশ তার জন্য কৃতজ্ঞ।”

তিনি দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা ও সহায়তা প্রদানে এগিয়ে আসা বিভিন্ন সেবামূলক সংগঠন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসকদেরও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহত শিক্ষার্থীদের পরিবারের স্মৃতিচারণ শুনে তিনি আবেগাপ্লুত হয়েছেন। তিনি বিশেষভাবে শিক্ষিকা মাহরীন চৌধুরীর সাহসিকতার কথা উল্লেখ করে বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি শিক্ষার্থীদের রক্ষার চেষ্টা করেছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আহত শিক্ষার্থীদের নিয়মিত ফলোআপ চিকিৎসা চলছে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও শুরু থেকেই আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীনসহ দেশি-বিদেশি কূটনীতিক, চিকিৎসক, আহত শিক্ষক-শিক্ষার্থী এবং নিহতদের স্বজনরা।

অনুষ্ঠানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও স্মৃতিচারণ করেন এবং ট্র্যাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.