সরকারি সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার, বেসরকারি ৫ লাখ ১৩ হাজার
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করতে খরচ হবে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন।
সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি প্যাকেজ রাখা হয়েছে। হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরিফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন। মিনায় থাকবে জোন-২-এর তাঁবু, পাশাপাশি মিনা-আরাফায় নির্ধারিত সার্ভিস প্যাকেজ অনুযায়ী খাবার ও অন্যান্য সেবা দেওয়া হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড বা স্বল্পমেয়াদি প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে।
অন্যদিকে, সাশ্রয়ী হজ প্যাকেজ-২-এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে প্রায় ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে।
এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর জন্য নির্ধারিত সাধারণ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
আইটি ল্যাব সলিউশন্স লি.