একাধিকবার ওমরাহর সুযোগ, নতুন ভিসা চালু করল সৌদি আরব

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১৬:৫৮ (বুধবার)
একাধিকবার ওমরাহর সুযোগ, নতুন ভিসা চালু করল সৌদি আরব

ওমরাহযাত্রীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ভিসার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করা যাবে।

সোমবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, নতুন ভিসাটি ইস্যুর দিন থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন। তবে সব সফর মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন দেশটিতে অবস্থান করা যাবে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’ বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ওমরাহযাত্রীদের যাতায়াত আরও সহজ করা, সেবার মান বাড়ানো এবং তীর্থযাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার ওমরাহ পালনের আগে ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের বেশি হতে পারবে না। এছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রতিবার সৌদি আরব ত্যাগ করার পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে এটি আবার সক্রিয় করা হবে।

তবে এই সুবিধা হজ মৌসুমে প্রযোজ্য হবে না। জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.