বিশ্বকাপের মঞ্চে ট্রাম্পের কাণ্ড, ছাপিয়ে গেল ট্রফি উদযাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর আচরণ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পর সাধারণত অতিথিরা মঞ্চ ছেড়ে যান, যাতে চ্যাম্পিয়ন দল নির্বিঘ্নে উদ্যাপন করতে পারে। তবে ট্রাম্প বেশ কিছুক্ষণ মঞ্চেই অবস্থান করেন। এতে স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের মুহূর্তে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, রদ্রি সূক্ষ্ম ইশারায় ট্রাম্পকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ ছাড়েননি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এগিয়ে এসে ট্রাম্পকে মঞ্চের একপাশে নিয়ে যান। এরপরও ট্রাম্প শেষ সারির স্প্যানিশ খেলোয়াড়দের কাছাকাছি অবস্থান করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার ভিডিও প্রকাশের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই মন্তব্য করেন, ট্রাম্প যেন স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্যাপনের অংশ হয়ে থাকতে চেয়েছিলেন। যদিও এ বিষয়ে ট্রাম্প বা তাঁর দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে করমর্দন হয়নি। ঘটনাটিও অনলাইনে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
রোববার নিউইয়র্কের বাইরে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেন ১-০ গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে গ্যালারিতে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে প্রবেশের সময় দর্শকদের একাংশের দুয়োধ্বনিরও মুখে পড়েন তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.