এসডিজি–৩ ক্যাটাগরিতে বাংলাদেশের কান্ট্রি উইনার সুখী

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৪:৪৯ (বুধবার)
এসডিজি–৩ ক্যাটাগরিতে বাংলাদেশের কান্ট্রি উইনার সুখী

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে দ্য এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ বিভাগে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ নির্বাচিত হয়েছে গ্রামীণ হেলথটেক লিমিটেডের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’।

এই আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে এমন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়, যারা এসডিজি বাস্তবায়নে দীর্ঘমেয়াদি, পরিমাপযোগ্য এবং ইতিবাচক প্রভাব রাখছে।

গ্রামীণ ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য কমানোর লক্ষ্য নিয়ে গ্রামীণ হেলথটেক চালু করে ‘সুখী গ্রাম’ উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবায় পিছিয়ে থাকা গ্রামের মানুষের কাছে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’—এই লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত উদ্যোগটিতে মানুষ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা এবং কমিউনিটিভিত্তিক সহায়তা পাচ্ছেন।

গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, এই অর্জন মূলত গ্রামীণ বাংলাদেশের স্বাস্থ্যকর্মী এবং সেসব পরিবারের, যারা ‘সুখী গ্রাম’-এর ওপর আস্থা রেখেছেন। তিনি বলেন, মানুষের অবস্থান যেখানেই হোক না কেন, মানসম্মত স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তাঁর মতে, কমিউনিটি-কেন্দ্রিক টেকসই স্বাস্থ্যসেবা মডেল মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।

‘সুখী গ্রাম’ উদ্যোগটি বৃহত্তর সুখী ডিজিটাল স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। টেলিহেলথ সেবা, রিমোট স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রযুক্তি, হেলথস্টোর এবং সুখী সেবা কেন্দ্র (এসএসকে)-এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণ হেলথটেকের তথ্য অনুযায়ী, বর্তমানে ‘সুখী’ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ৫০ লাখেরও বেশি মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.