৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৯:২৬ (বুধবার)
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইনসের, বিমানের ভাড়া ছিল ১৫৪৮৩০ টাকা

২০২৭ সালের হজযাত্রীদের জন্য জনপ্রতি ৯৮ হাজার টাকায় বিমান ভাড়ার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে আগামী হজ মৌসুমে এ ভাড়ায় বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করতে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। চিঠিতে বলা হয়েছে, হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে স্বল্প খরচে ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালনের সুযোগ করে দিতে তারা জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত।

এর আগে ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে ইউএস-বাংলার প্রস্তাব কার্যকর হলে বিমান ভাড়ায় উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, ইউএস-বাংলার প্রস্তাবটি তারা পেয়েছেন এবং এটি হজের বিমান ভাড়া কমানোর আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ইউএস-বাংলা জানিয়েছে, সরকার অনুমতি দিলে তারা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন অথোরিটির প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করবে। সরকারও চায়, যাতে কম খরচে মানুষ হজ পালনের সুযোগ পান। এ ধরনের প্রতিযোগিতা হজযাত্রীদের জন্য সুফল বয়ে আনতে পারে।

এদিকে, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবি দীর্ঘদিনের। ইউএস-বাংলার প্রস্তাবটি নিয়েও সংশ্লিষ্ট বৈঠকে আলোচনা হবে।

বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনস অংশ নিয়ে থাকে।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.