বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সব বোর্ড পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৩:৩২ (বুধবার)
বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সব বোর্ড পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান আকস্মিক বন্যা, টানা ভারী বর্ষণ এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সব শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, দেশের অন্তত সাতটি জেলা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লাখো পরীক্ষার্থী নিরাপত্তা ঝুঁকি, মানসিক চাপ এবং যাতায়াত সংকটে পড়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্যার কারণে সাত জেলায় প্রায় ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীও বন্যার পানিতে নষ্ট হয়েছে।

ছাত্রদলের মতে, এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে গেলে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব হবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হবে। তাই বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রেখে পরে নতুন সময়সূচি ঘোষণা করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

নেতৃদ্বয় বলেন, বর্তমান সরকার ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভবিষ্যতের বিষয়ে আন্তরিক ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তারা।

এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ ও পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.