‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১২:৪৬ (মঙ্গলবার)
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী হয়েছেন সামানজার সাঈদ

 

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার মুকুট জিতেছেন সামানজার সাঈদ। রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। এই জয়ের মাধ্যমে আগামী ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মনজুর।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, তরুণদের মডেলিং ও উপস্থাপনায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়েই ট্যালেন্ট ক্যাম্পের যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত হয়েছে এবং এখন পর্যন্ত ১০টি ব্যাচ থেকে অনেকেই সফলভাবে পেশাদার অঙ্গনে কাজ করছেন।

এবারের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’-এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, দ্য ডেইলি স্টার-এর ‘স্টার লাইফস্টাইল’ সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিশ্বসুন্দরী নির্বাচনের এই আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সামানজার সাঈদ।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.