গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১২:১১ (মঙ্গলবার)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলায় নারিকেল ও নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (সকাল ১০টার দিকে) বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর খালের তীরে তিনি নিজ হাতে চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান। জবাবে তিনি হাত নেড়ে উপস্থিত গ্রামবাসীর শুভেচ্ছা গ্রহণ করেন।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। এদিন প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, একটি শিশু জন্মের পর যেমন যত্নে বড় করে তোলা হয়, তেমনি প্রতিটি চারাকেও প্রতিদিন পরিচর্যা করতে হবে।

বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন, যেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখ্য, বাটাজোর বাজারের পাশ দিয়ে প্রবাহিত খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর খাল’ নামে পরিচিত। এটি বাজারের পূর্ব পাশে সরিকল নদীর সঙ্গে যুক্ত হয়ে পরে মিয়ারচর নদীতে গিয়ে মিলিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.