হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, উদ্ধার ১০ ভারতীয় নাবিক; নিখোঁজ একজন
ওমান উপকূলসংলগ্ন হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জিএফএস গ্যালাক্সি নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ক্রুরা সমুদ্রে ঝাঁপ দেন। পরে উদ্ধারকারী দল ১০ ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করলেও একজনের এখনো সন্ধান মেলেনি।
রোববার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানায়। মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা ১১ ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং নিখোঁজ নাবিককে উদ্ধারে অনুসন্ধান অভিযান চলছে।
এর আগে চলতি বছরের জুনের শুরুতে ওমান উপকূলের কাছেই পালাউয়ের পতাকাবাহী আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন। পরে তাদের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।
সেসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা তেলবাহী ট্যাংকার এমটি সেট্টেবেলোতে হামলা চালিয়েছিল। তাদের দাবি ছিল, জাহাজটি হরমুজ প্রণালির বাইরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করার চেষ্টা করছিল।
ওই ঘটনার পর ফরওয়ার্ড সি–মেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব জানিয়েছিলেন, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুজন নিহত হন এবং প্রধান প্রকৌশলী নিখোঁজ ছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে অবস্থিত দেশটির দূতাবাস নিখোঁজ নাবিকের সন্ধানে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একই সঙ্গে মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তার জন্য বড় হুমকি। ভারত সব পক্ষকে উত্তেজনা প্রশমিত করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.