গোয়াইনঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে নিহত ১ বাংলাদেশি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১২:২৫ (সোমবার)
গোয়াইনঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে নিহত ১ বাংলাদেশি

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে তিনি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের বাসিন্দা এবং কমর উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ৩টার দিকে মিনহাজ উদ্দিন সোনারহাট-লাখাট সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে খাসিয়ারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.