গ্রেপ্তার ইস্যুতে চার বছর পর মুখ খুললেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি ২০২১ সালের বহুল আলোচিত গ্রেপ্তারকাণ্ড নিয়ে চার বছর পর বিস্তারিত বক্তব্য দিয়েছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, তাঁকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে ওই ঘটনার জন্য রাষ্ট্রের কাছে জবাবও চান তিনি।
২০২১ সালের ৪ আগস্ট প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। সে সময় র্যাবের পক্ষ থেকে তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের দাবি করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই ঘটনায় ২৮ দিন কারাগারেও থাকতে হয়েছিল এই অভিনেত্রীকে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে পরীমণি দাবি করেন, র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সম্প্রতি একটি অনলাইন টকশোতে তাঁর গ্রেপ্তার প্রসঙ্গে কিছু তথ্য প্রকাশ করেছেন। পরীমণির ভাষ্য অনুযায়ী, ওই টকশোতে খাইরুল ইসলাম বলেছেন, তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
পরীমণি লিখেছেন, দীর্ঘ সময় অভিযান চালানোর পর তাঁকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
গ্রেপ্তারের পরের সময়কে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় উল্লেখ করে পরীমণি বলেন, সেই অভিজ্ঞতা তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। তাঁর দাবি, ওই ঘটনার পর থেকে আজও তাঁকে এর মানসিক ও সামাজিক অভিঘাত বহন করতে হচ্ছে।
নিজেকে ওই ঘটনার একজন ভুক্তভোগী দাবি করে অভিনেত্রী বলেন, তাঁর সম্মান, ব্যক্তিত্ব ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এ ধরনের পরিস্থিতির শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পোস্টে রাষ্ট্রের উদ্দেশে কয়েকটি প্রশ্নও তোলেন পরীমণি। তিনি লেখেন, আদালত যদি তাঁকে অব্যাহতি দেনও, তাহলে হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি কি ফিরিয়ে দেওয়া সম্ভব? তাঁর সম্পর্কে যে নেতিবাচক ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না—সেই প্রশ্নও রাখেন তিনি।
পরীমণি আরও বলেন, তিনি কখনো বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাননি; বরং একজন শিল্পী হিসেবেই মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চেয়েছেন। তবে একটি ঘটনার প্রভাব তাঁর জীবনকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে চার বছর আগে কঠিন সময়ে যাঁরা তাঁর পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছে। পাশাপাশি তিনি বিশ্বাস প্রকাশ করেন, সত্য কখনো চাপা থাকে না এবং ন্যায়বিচারের পথ শেষ পর্যন্ত সফল হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.