ইরান থেকে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, রাশিয়ার যুদ্ধে নিহত ৪: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬ ২১:৩৭ (শুক্রবার)
ইরান থেকে ফিরেছেন ১৮৬ বাংলাদেশি, রাশিয়ার যুদ্ধে নিহত ৪: প্রবাসীকল্যাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ১২ জন নারী ও আট শিশুসহ মোট ১৮৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনকে সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে, আর নয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। প্রতিটি পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চাকরির উদ্দেশ্যে রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশির মধ্যে চারজন নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর তাঁদের জোরপূর্বক যুদ্ধের প্রস্তুতি নিতে বাধ্য করা হয়। বাকি কর্মীদের নিরাপদে দেশে ফেরাতে মস্কোয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চলছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার আশাবাদী বলেও জানান মন্ত্রী। এ ছাড়া থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ও চুক্তির উদ্যোগ চলছে।

সংসদে দেওয়া তথ্যে তিনি আরও জানান, ২০০৪ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ১ কোটি ৯ লাখের বেশি বাংলাদেশি গেছেন। বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশির সঠিক সংখ্যা নির্ধারণে তথ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.