ছুটি শেষে পর্তুগালে ফিরেই মর্মান্তিক মৃত্যু সিলেটের যুবকের

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬ ১২:২৯ (বুধবার)
ছুটি শেষে পর্তুগালে ফিরেই মর্মান্তিক মৃত্যু সিলেটের যুবকের

বিয়ের মাত্র তিন মাস পর কর্মস্থল পর্তুগালে ফিরে গিয়েছিলেন সিলেটের ওসমানীনগর উপজেলার যুবক মো. শামসুল ইসলাম কামরান (২৫)। কিন্তু নতুন জীবনের স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত শনিবার রাতে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

নিহত কামরান ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন কামরান। বিয়ের তিন মাস পরই জীবিকার তাগিদে আবার পর্তুগালে ফিরে যান। কিন্তু কর্মস্থলে ফেরার অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণহানির ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

ওসমানীনগরের দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামরানের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.