দ্রুতগতির মোটরসাইকেল গাছে ধাক্কা, নিহত ৩ কিশোর
সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে জাফলংয়ের চা-বাগান এলাকায় ঘুরতে যান। ফেরার পথে রাধানগর-বাউরভাগ সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিব আহমদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রায়হান ও জয়কে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে নূরজাহান হাসপাতালে রায়হানের এবং রাত ৯টার দিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জয়ের মৃত্যু হয়।
একই শ্রেণির তিন সহপাঠীর মৃত্যুতে গোয়াইনঘাটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল ও নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ। সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী এই ঘটনাকে অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।
জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা জানান, তিন শিক্ষার্থীই মেধাবী, প্রাণবন্ত এবং সবার প্রিয় ছিল। পরীক্ষা শেষে আনন্দ ভ্রমণে গিয়ে তাদের এমন করুণ মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.