গণভোটের রায় বাস্তবায়নে সিলেটে রাজপথে ১১ দলীয় ঐক্য
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব এবং জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচারের দাবিতে সিলেটে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে ১১ দলীয় ঐক্যের সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই সনদ, গণভোটের রায় এবং নিজেদের ৩১ দফা অঙ্গীকার—সবকিছুকেই উপেক্ষা করছে। তার দাবি, এর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং সংসদে জুলাই যোদ্ধাদের নিয়ে কটাক্ষ করা হচ্ছে। পাশাপাশি সরকারের কিছু মন্ত্রী-এমপির বক্তব্যও গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
ফখরুল ইসলাম দাবি করেন, ছাত্র-জনতার আন্দোলনের পর বিএনপির নেতারা জুলাইয়ের অবদান স্বীকার করলেও ক্ষমতায় গিয়ে তারা গণভোটের ফল ও জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে জনগণের প্রত্যাশা থেকে সরকার সরে এসেছে।
সমাবেশ শেষে কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্য ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.