‘আমি ব্রাজিলিয়ানদের অনেক ভালোবাসি’ - সিআরসেভেন

প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬ ১৮:৫৪ (শনিবার)
‘আমি ব্রাজিলিয়ানদের অনেক ভালোবাসি’ -  সিআরসেভেন

 

ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে পর্তুগাল। জয়ের ম্যাচে গোল করে দীর্ঘদিনের সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে ব্রাজিলের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম কেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ব্রাজিলের প্রতি তাঁর আলাদা টান রয়েছে। তিনি বলেন, ‘ব্রাজিলের কথা মনে হলেই বিশেষ অনুভূতি কাজ করে। শুধু সেখানে আমার পরিবারের সদস্যরা আছেন বলেই নয়, বরং ব্রাজিলের মানুষ আমাকে সব সময় অসাধারণ সমর্থন দিয়েছেন। আমার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত তাদের এই ভালোবাসা আমি অনুভব করেছি। তাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।’

টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতির পর ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে গোলের দেখা পেলেন ৭ নম্বর জার্সিধারী এই তারকা।

ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের গোলে জয় নিশ্চিত করে পর্তুগাল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে শেষ ষোলোর টিকিট কাটে পর্তুগিজরা।

নিজের পেনাল্টি গোলের মুহূর্তের অনুভূতি জানিয়ে রোনালদো বলেন, ‘আমি বুঝতে পারছিলাম পেনাল্টি হতে পারে। তাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবে স্পট কিক নেওয়ার সময় প্রচণ্ড চাপ অনুভব করছিলাম, হৃদস্পন্দনও বেড়ে গিয়েছিল। সেই মুহূর্তে নিজের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের ওপর ভরসা রেখেছিলাম। বিশ্বাস ছিল গোল করতে পারব। গোল করার পরই মনে হয়েছিল, আমরা ম্যাচটি জিতব। মুহূর্তটি ছিল আমার জন্য ভীষণ আবেগের।’

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.