ব্রাজিল–নরওয়ে মহারণ: ইতিহাস বদলাবে, নাকি অটুট থাকবে?
জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে নকআউট পর্বের প্রথম পরীক্ষাতেই কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা। কোয়ার্টার-ফাইনালে উঠতে হলে এবার তাদের হারাতে হবে নরওয়েকে—যে দলের বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয় নেই ব্রাজিলের।
শেষ ষোলোর ম্যাচে রোববার মুখোমুখি হবে দুই দল। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়েও। ফলে ইতিহাস আর বর্তমান ফর্ম—দুইয়ের লড়াই দেখা যাবে এই ম্যাচে।
ব্রাজিল ও নরওয়ের মুখোমুখি ইতিহাস খুব বেশি সমৃদ্ধ না হলেও পরিসংখ্যান নরওয়ের পক্ষেই কথা বলছে। ১৯৮৮ সালের পর চারবার দেখা হয়েছে দুই দলের। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার ম্যাচেও জয়ের মুখ দেখেনি ব্রাজিল।
বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল নরওয়ে। যদিও সেই আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের পর্বে উঠেছিল ব্রাজিল। এরপর ১৯৯৭ সালের একটি প্রীতি ম্যাচেও ৪-২ ব্যবধানে জিতেছিল নরওয়ে। সর্বশেষ ২০০৬ সালে মুখোমুখি হলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
প্রায় ২০ বছর পর আবারও মাঠে নামছে দুই দল। ব্রাজিলের লক্ষ্য থাকবে নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস বদলানোর। অন্যদিকে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ডদের নিয়ে গড়া নরওয়ের সোনালি প্রজন্ম চাইবে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে।
নিউজার্সির মাঠে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই শেষ ষোলোর ম্যাচ। ইতিহাস বদলাবে, নাকি অটুট থাকবে নরওয়ের আধিপত্য—উত্তর মিলবে ৯০ মিনিটের লড়াইয়ে।
আইটি ল্যাব সলিউশন্স লি.