জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর প্যারাগুয়েতে ছুটি ঘোষণা
জার্মানিকে নাটকীয়ভাবে হারিয়ে বড় চমক দেখানোর পর উৎসবের আমেজে ভাসছে পুরো প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের আনন্দে দেশজুড়ে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা।
বোস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। হোসে কানালের সফল শেষ শট নিশ্চিত করে স্মরণীয় এই জয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড়রা। গোলরক্ষক অরলান্দো হিলকে ঘিরে সতীর্থদের আনন্দঘন উদযাপন ছিল চোখে পড়ার মতো।
এই জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো প্যারাগুয়েজুড়ে। রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জাতীয় ছুটির ঘোষণা দিয়ে লেখেন, “আজ উদযাপন করছে পুরো একটি দেশ। এই জয় শুধু একটি ফুটবল দলের নয়, এটি আমাদের জাতির পরিচয়, ঐক্য এবং গভীর মূল্যবোধের প্রতিফলন।”
পেনার মতে, দলের অদম্য লড়াইয়ের মানসিকতা এবং শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার দৃঢ়তাই এই সাফল্যের মূল শক্তি। তিনি আরও বলেন, “এই দল কখনো লড়াই থামায় না, কখনো আগেভাগে হার মানে না। আলবিরোহাকে ধন্যবাদ, তারা লাখো প্যারাগুয়ানকে এক আনন্দের বন্ধনে একত্র করেছে। এগিয়ে চলো, প্যারাগুয়ে।” বার্তার শেষে তিনি দেশের পতাকার রঙের প্রতীক হিসেবে লাল, সাদা ও নীল রঙের ইমোজিও যোগ করেন।
প্যারাগুয়ের এই ঐতিহাসিক জয় শুধু নিজ দেশেই নয়, প্রতিবেশী ব্রাজিলেও উচ্ছ্বাসের জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রিও ডি জেনিরোর একটি বারে প্যারাগুয়ের সমর্থকেরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন।
এদিকে আজ রাতেই নির্ধারিত হবে শেষ ষোলোর প্রতিপক্ষ। নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও সুইডেনের মধ্যকার শেষ বত্রিশের ম্যাচের বিজয়ী দলের বিপক্ষেই পরবর্তী লড়াইয়ে মাঠে নামবে প্যারাগুয়ে।
আইটি ল্যাব সলিউশন্স লি.