সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
এ সময় পুলিশ কমিশনার বলেন, আধুনিক প্রযুক্তি ও সাইবার তদন্তের মাধ্যমে হারিয়ে যাওয়া কিংবা বিভিন্নভাবে খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পুলিশের সক্ষমতাও প্রতিফলিত হচ্ছে।
তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে পুরোনো বা ব্যবহৃত মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, ব্যবহৃত মোবাইল ফোন কেনার আগে অবশ্যই বিক্রেতার পরিচয় নিশ্চিত করতে হবে, ডিভাইসের বৈধ কাগজপত্র যাচাই করতে হবে এবং মোবাইলটির আইএমইআই (IMEI) নম্বর পরীক্ষা করে নিতে হবে। এসব বিষয়ে সচেতন থাকলে প্রতারণা ও আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে।
অনুষ্ঠানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা মোবাইল ফোন উদ্ধারে ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের ভূমিকার প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.