উত্তেজনায় ঠাসা ম্যাচে ডাচদের কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১২:৪৪ (বুধবার)
উত্তেজনায় ঠাসা ম্যাচে ডাচদের কাঁদিয়ে শেষ ষোলোতে মরক্কো

রোমাঞ্চ, নাটকীয়তা আর শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ভরা এক ম্যাচ। যেন থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়েছে মরক্কো-নেদারল্যান্ডস লড়াই। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। শুরুতে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। মরক্কোও সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়। তবে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ম্যাচের ভাগ্য বদলে দেন ইসমায়েল সাইবারি। তাঁর জয়সূচক শটেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয় আফ্রিকার প্রতিনিধিদের। জয় নিশ্চিত হতেই সিজদায় লুটিয়ে পড়েন মরক্কোর ফুটবলাররা, আর হতাশায় ভেঙে পড়ে ডাচ শিবির।

ম্যাচের ৭২ মিনিটে ক্রিসেনসিও সামারভিলের অ্যাসিস্ট থেকে কোডি খাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তখন মনে হচ্ছিল জয়টা ডাচদের হাতেই ধরা দিচ্ছে। কিন্তু যোগ করা সময়ের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। শেমসেদ্দিন তালবির দারুণ ক্রস থেকে হেডে সমতা ফেরান ইসা দিওপ। সেই গোলেই নতুন প্রাণ ফিরে পায় মরক্কো।

অতিরিক্ত সময়েও দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ সফল হতে পারেনি। ৯৮ মিনিটে সাইবারির নিশ্চিত গোলের সুযোগ ফিরিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুখেন। অন্যদিকে মরক্কোর ইয়াসিন বুনুও কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে লড়াইয়ে রাখেন।

টাইব্রেকারে প্রথম শট থেকেই নাটক শুরু। ট্যুন কোপমাইনার্স গোল করলেও মরক্কোর নেইল এল আইনাউই শট উড়িয়ে মারেন। পরে জাস্টিন ক্লাইভার্টের পেনাল্টি মিসে সমতায় ফেরে মরক্কো। সুফিয়ান রাহিমি ও শেমসেদ্দিন তালবি গোল করেন। ডাচদের হয়ে বাউত ভেগহোর্স্ট সফল হলেও কুইন্টেন টিম্বর পা পিছলে শট বাইরে পাঠান। এরপর আশরাফ হাকিমির শট পোস্টে লেগে ফিরে এলেও ক্রিসেনসিও সামারভিলের শট ঠেকিয়ে দেন বুনু। শেষ পর্যন্ত ইসমায়েল সাইবারির জয়সূচক গোলেই নিশ্চিত হয় মরক্কোর ঐতিহাসিক জয়।

ম্যাচের শুরু থেকেই দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল। ১৯ মিনিটে হাকিমির কর্নার থেকে নেইল এল আইনাউইয়ের হেড এবং প্রথমার্ধের যোগ করা সময়ে সাইবারির নিশ্চিত সুযোগ—দুটিই দারুণভাবে রুখে দেন ভারব্রুখেন। অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে মিকি ফন ডে ফেনের শট ঠেকিয়ে নেদারল্যান্ডসকে গোল থেকে বঞ্চিত করেন ইয়াসিন বুনু।

এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো। আগামী ৪ জুলাই হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় কানাডার মুখোমুখি হবে তারা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.