বাংলাদেশ শুনেই দাঁড়িয়ে গেলেন মার্তিনেস, জানালেন ভালোবাসা

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৭:৪৭ (সোমবার)
বাংলাদেশ শুনেই দাঁড়িয়ে গেলেন মার্তিনেস, জানালেন ভালোবাসা

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসার কথা এখন আর নতুন নয়। কাতার বিশ্বকাপ থেকেই এই ভালোবাসা পৌঁছে গেছে লাতিন আমেরিকার দেশটির মানুষের কাছেও। সেই ভালোবাসার প্রতিদান যেন আবারও দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর ডালাস স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্তিনেস। এ সময় এক বাংলাদেশি প্রতিবেদক ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে ফিরে তাকান তিনি। এরপর বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা অকপটে জানান এই তারকা গোলরক্ষক।

মার্তিনেস বলেন, “ও বাংলাদেশ! আমি বাংলাদেশকে পছন্দ করি।” এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।”

প্রতিবেদক যখন বলেন, বাংলাদেশের মানুষ আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চায়, তখন হাসিমুখে মার্তিনেস জবাব দেন, “আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। তাদের সমর্থন আমার খুব ভালো লাগে। তারা অনেকটাই আর্জেন্টাইনদের মতো। তাই বাংলাদেশের জন্য আমার অনেক অনেক ভালোবাসা।”

মার্তিনেসের এই মন্তব্য আবারও প্রমাণ করল, বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবল-ভালোবাসার বন্ধন শুধু মাঠেই নয়, হৃদয়ের সম্পর্কেও পরিণত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.