আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি রাষ্ট্রে আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আইনের শাসন দুর্বল হয়ে পড়ে এবং সামাজিক ভারসাম্য নষ্ট হয়।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংবিধানে নিশ্চিত করা মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও আইনজীবী সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। স্বাধীনতার পর থেকে নানা সংকটময় সময়ে বিচারপতি ও আইনজীবীরা ব্যক্তিগত ও পেশাগত ঝুঁকি নিয়েও ন্যায়বিচার ও আইনের শাসন রক্ষায় দৃঢ় ভূমিকা রেখেছেন। এ ঐতিহ্য ধরে রাখতে অতীতের বিভেদ ভুলে দেশের উন্নয়ন ও বিচারব্যবস্থাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণব্যবস্থা চালু করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনা বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ আইনজীবীদের দক্ষতা বাড়াবে এবং ভবিষ্যতে যোগ্য আইনজীবী ও বিচারক তৈরিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়া শেষে আইনটি দ্রুত পাস হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সরকার, বিচার বিভাগ, আইনজীবী এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি আইনজীবীদের পেশাগত উৎকর্ষ, ঐক্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম আলী আহমদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.