এবার পাগলা মসজিদে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর শনিবার (২৭ জুন) খোলা হয়েছে। জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খুলে বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ-রৌপ্যের অলংকার পাওয়া যায়। সংগৃহীত অর্থ রাখতেই ব্যবহার করতে হয়েছে ৪৩টি বড় বস্তা। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদসংলগ্ন মাদ্রাসার ১১০ জন শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন খাদেম এবং রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা।
প্রতিবারের মতো এবারও দানবাক্সে পাওয়া গেছে বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার। এছাড়া রোগমুক্তি ও মনের আশা পূরণের প্রার্থনা লিখে অসংখ্য মানুষ চিরকুটও রেখেছেন।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সের অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, এতিমখানা পরিচালনা, অসহায় মানুষের চিকিৎসা ও বিভিন্ন সামাজিক-মানবিক কাজে ব্যয় করা হয়। পাশাপাশি পাগলা মসজিদকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও এগিয়ে চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.