ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ: লেনদেন না করতে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৫:১২ (শনিবার)
ফেসবুকে ভুয়া হজ প্যাকেজ: লেনদেন না করতে ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অননুমোদিত হজ প্যাকেজে প্রলুব্ধ হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য, সরকারি অনুমোদনহীন হজ এজেন্সি, গ্রুপ ও কাফেলার মাধ্যমে অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ও স্বল্পমূল্যের হজ প্যাকেজের বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত বা আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।

মন্ত্রণালয় জানায়, প্রতি বছর হজ মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান কম খরচে বা বিশেষ সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে হজযাত্রীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। পরে অনেক ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা না দেওয়া, ভিসা জটিলতা সৃষ্টি কিংবা অর্থ আত্মসাতের মতো অভিযোগ পাওয়া যায়।

এ ধরনের প্রতারণা এড়াতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের শুধুমাত্র সরকার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন ও অর্থ পরিশোধ করার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো হজ প্যাকেজের সত্যতা নিশ্চিত না হয়ে কোনো লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সন্দেহজনক কোনো হজ প্যাকেজ বা প্রতারণার তথ্য পাওয়া গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা প্রতিরোধে এ সতর্কবার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.