২৮ জুন থেকে ভারতীয় পর্যটন ভিসার আবেদন শুরু

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ২০:৩৮ (শুক্রবার)
২৮ জুন থেকে ভারতীয় পর্যটন ভিসার আবেদন শুরু

দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক ও জনবান্ধব করার উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

দীনেশ ত্রিবেদী জানান, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে জরুরি চিকিৎসা সংক্রান্ত মেডিকেল ভিসা কার্যক্রমও আগের মতো চালু থাকবে।

তিনি বলেন, “বাংলাদেশিদের জন্য সাধারণ ভ্রমণ ভিসা পুনরায় চালুর ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। আশা করি, এই উদ্যোগ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় অবস্থিত পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

নবনিযুক্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

এ সময় তিনি আরও জানান, দায়িত্ব পালনকালে নিয়মিত ভিসা কেন্দ্র পরিদর্শন করে আবেদনকারীদের অভিজ্ঞতা ও মতামত জানার চেষ্টা করবেন এবং গণমাধ্যমের পরামর্শও গ্রহণ করবেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.