সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৩:৪১ (শুক্রবার)
সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তর থেকে মিক কন্দ জানী (৬০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

নিহত মিক কন্দ জানী উপজেলার তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার বাসিন্দা এবং মৃত শুকরিয়া কন্দ জানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ, মৌসুমি ফলমূল আহরণ ও দিনমজুরের কাজ করতেন। বুধবার সকালেও তিনি কাজের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে যান। তবে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে ১২৬০ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের ভেতরে একটি ছড়ার পানিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যদের দাবি, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত এবং কাটা চিহ্ন ছিল। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লাশের সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা এসআই ওলি উল্লাহ জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কানে ও চোখে আঘাতের কারণে প্রাথমিকভাবে গুলিবিদ্ধ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.