মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৩:৩৮ (শুক্রবার)
মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মাজার পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগ মাজার ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন। এ ধরনের স্বচ্ছতা নিশ্চিতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। মাজার পরিচালনায় জবাবদিহি প্রতিষ্ঠায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে এবং মাজার সংশ্লিষ্ট বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

জেলা প্রশাসক সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং মাজার-সংক্রান্ত ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

মালয়েশিয়া সফরের বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সফরটি অত্যন্ত সফল হয়েছে। দুই দেশের মধ্যে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী জুলাই মাসে মালয়েশিয়ার মানবসম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এসব বিষয়ে আরও দৃশ্যমান অগ্রগতি আসবে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের সেবা সহজ করতে বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা, চিকিৎসাসেবা, বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের সুবিধা, নিরাপত্তা জোরদার এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.