ফিরেই সৌভাগ্য বয়ে আনলেন নেইমার, নকআউটে ব্রাজিল

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১০:০৮ (শুক্রবার)
ফিরেই সৌভাগ্য বয়ে আনলেন নেইমার, নকআউটে ব্রাজিল

ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স আর নেইমারের আবেগঘন প্রত্যাবর্তনে রাঙানো এক রাতে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। একই সঙ্গে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেও শেষ বত্রিশ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মায়ামি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের সপ্তম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তরুণ রায়ানের দারুণ পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

এই গোলের মাধ্যমে ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে গোল করার কীর্তি গড়েন ভিনিসিয়ুস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গিমারেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি। চলতি আসরে এটি তাঁর চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে প্রতিপক্ষকে হতাশ করেন। ৫৯ মিনিটে মাথিয়াস কুনিয়া তৃতীয় গোলটি করে ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত করে দেন। কাসেমিরো ও ব্রুনো গিমারেসের যৌথ আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিচু শটে জাল খুঁজে নেন তিনি।

তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে ৭৬ মিনিটে। দীর্ঘ ৩২ মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে চোটে পড়ার পর প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে খেলতে নামেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। মাঠে নামার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়ামজুড়ে ধ্বনিত হয় ‘নেইমার, নেইমার’ স্লোগান।

যদিও অল্প সময়ের কারণে বড় কোনো প্রভাব রাখতে পারেননি তিনি, তবুও তাঁর প্রত্যাবর্তনই ছিল ম্যাচের সবচেয়ে বড় আনন্দের খবর।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল শিবির। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে সেলেসাওরা। নেইমারের ফেরা আর ভিনিসিয়ুসের দুর্দান্ত ফর্ম—দুইয়ে মিলে শিরোপা স্বপ্নে নতুন করে ডানা মেলছে ব্রাজিল।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.