ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১০:০২ (শুক্রবার)
ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পর ইউমার এলাকার কাছে দ্বিতীয় ও আরও শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল মোরন শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ভূগর্ভে। এর তীব্র কম্পন ট্রুজিলো, কারাবোবো, মিরান্ডা ও লা গুয়াইরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে।

ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্থাটির অনুমান অনুযায়ী, নিহতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এখনো হতাহতদের বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি ভেনেজুয়েলা সরকার।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায় একাধিক বহুতল ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে নিরলসভাবে কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ২২ তলা ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান।

এদিকে, মাইকেটিয়ার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশজুড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তল্লাশি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.