সিলেটবাসীর উদ্দেশে সারওয়ার আলমের ফেসবুক পোস্ট

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১৪:১৪ (বুধবার)
সিলেটবাসীর উদ্দেশে সারওয়ার আলমের ফেসবুক পোস্ট

সদ্য প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় সিলেটবাসীর কাছ থেকে বিদায় নিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”

এর আগে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।

দায়িত্ব ছাড়ার আগে সোমবার (২২ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারওয়ার আলম। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কারণে তিনি আলোচনায় ছিলেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরাণ (রহ.) মাজার কেন্দ্রিক স্বচ্ছতা নিশ্চিতের পদক্ষেপ, মাজারের ডেগ সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখোমুখি হন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.